উয়েফা সুপার কাপে টটেনহ্যামের বিপক্ষে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) স্কোয়াডে জায়গা পাননি জিয়ানলুইজি দোন্নারুমা। এতে করে তার ক্লাব ছাড়ার গুঞ্জন আরও বেড়েছে। এই গোলরক্ষক যে পিএসজি ছাড়ছেন, তা একপ্রকার নিশ্চিত হয়ে গেছে।
পিএসজির সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি আছে দোন্নারুমার। তবে এই ইতালিয়ান গোলরক্ষককে বিক্রি করে দেওয়ার কথা ভাবছে পিএসজি।
ইতালির জনপ্রিয় ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, দোন্নারুমা পিএসজি ছাড়ছেন, এটা নিশ্চিত। চলতি দলবদলের মৌসুমেই ছাড়বেন নাকি আসন্ন মৌসুম শেষে ছাড়বেন, সেটিই এখন দেখার বিষয়। তিনি এটাও উল্লেখ করেছেন, প্রিমিয়ার লিগ হতে পারে দোন্নারুমার সম্ভাব্য গন্তব্য।
তার মতে, চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে পারেন সাবেক এসি মিলান গোলরক্ষক। ম্যানইউ আন্দ্রে ওনানাকে ছেড়ে দিতে আগ্রহী, আর তার জায়গায় রেড ডেভিলসদের প্রথম পছন্দ দোন্নারুমা।
এদিকে, দোন্নারুমাকে কেনার দৌড়ে রয়েছে ম্যানচেস্টার সিটিও। এডারসনের জায়গায় দোন্নারুমাকে চান পেপ গার্দিওলা। কারণ নিয়মিত গোলরক্ষক এডারসনকে বিক্রি করতে চাইছে সিটিজেনরা। তাই দোন্নারুমার সঙ্গে ম্যানসিটি ইতোমধ্যে যোগাযোগ শুরু করেছে। ম্যানসিটি লড়াইয়ে নামায় অনুমিতভাবেই দোন্নারুমার লড়াইয়ে পিছিয়ে গেছে ম্যানইউ।
ফ্যাব্রিজিও রোমানোর দাবি, দোন্নারুমার জন্য ৫০ মিলিয়ন ইউরো দাবি করতে পারে পিএসজি।